সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে ৭ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

মুক্ত বাংলাদেশ
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০৭, ২০২৬ Last Updated 2026-02-07T14:09:48Z



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ইউনিয়নের পাঁচানি খাশেরগাঁও ও ছোট কোরবানপুর এলাকায় এই অভিযানে এক নারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।


অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেফতারকৃতরা হলেন: সাকিব (২৫),সোহেল (৩৫),রাশেদ (৩০),

ফখরুদ্দিন (৪০),জিসান (২০),লোকমান (২৪),শান্তা আক্তার।


স্থানীয় সূত্রে জানা গেছে, খাশেরগাঁও এলাকার রাসেল মিয়া এবং ছোট কোরবানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সম্প্রতি দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি 'শুটার জিয়া' নামক একজনকে গ্রেফতার করে র‍্যাব-১১। সেই ধারাবাহিকতায় আজ ভোর রাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।


সেনাবাহিনীর মেজর সাজ্জাদ হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ ছিল। আজকের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এদিকে অভিযানের পর দুপুরে খাশেরগাঁও বালুর মাঠে এলাকাবাসীর একাংশ যৌথবাহিনীর বিরুদ্ধে বাড়িঘরে লুটপাটের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে। তবে এই অভিযোগকে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছেন ওসি মহিবুল্লাহ। তিনি জানান, গ্রেফতার এড়াতে ও অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজেরাই নিজেদের আসবাবপত্র তছনছ করে লুটপাটের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে ৭ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

জনপ্রিয়