ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত লড়বেন রেজাউল করিম

মুক্ত বাংলাদেশ
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০৪, ২০২৬ Last Updated 2026-02-04T13:37:57Z


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের নির্বাচনী সমীকরণ যতো ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তাপ। এবার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিমের বিরুদ্ধে ‘নির্বাচন থেকে সরে যাওয়ার’ গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের  বিরুদ্ধে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা, পাঁচানি ও চরগোয়ালদী এলাকায় ‘ঘোড়া’ প্রতীকের গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন প্রার্থীর ভাই, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান।


বজলুর রহমান বলেন, “অধ্যাপক মো. রেজাউল করিম ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য। জনগণের স্বতঃস্ফূর্ত দাবির মুখে তিনি এবারও প্রার্থী হয়েছেন। এলাকায় তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষের প্রার্থীরা দিশেহারা হয়ে পড়েছেন। পরাজয় নিশ্চিত জেনে তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা অপপ্রচারে নেমেছে যে—রেজাউল করিম নির্বাচন থেকে সরে গেছেন।”


তিনি আরও বলেন,"রেজাউল করিম বীরের মতো লড়াই করতে জানেন। জনগণের ভালোবাসাকে পুঁজি করে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে আছেন এবং থাকবেন। কোনো অপপ্রচার বা বিভ্রান্তি ছড়িয়ে ভোটারদের মন ঘোরানো যাবে না।"


নির্বাচনী পথসভায় উপস্থিত নেতা-কর্মীদের আশ্বস্ত করে সিআইপি বজলুর রহমান বলেন, অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় জনতা আজ ঐক্যবদ্ধ। তিনি সাধারণ ভোটারদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ঘোড়া প্রতীকের বিজয় হবে এবং রেজাউল করিম পুনরায় এমপি নির্বাচিত হয়ে জনগণের অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করবেন।”


উক্ত নির্বাচনী প্রচারণায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত থেকে অধ্যাপক রেজাউল করিমের পক্ষে স্লোগান দেন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত লড়বেন রেজাউল করিম

জনপ্রিয়