নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় একটি সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে। শাহাদাৎ সরকার ও সিদ্দিক হোসেন সরকার নামের দুই ব্যক্তির নেতৃত্বে এই ভরাট কাজ চলায় স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গত রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজারের বালু দিয়ে খালের একটি বড় অংশ ভরাট করা হয়েছে। বালু ভরাটের ফলে খালের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে পড়েছে। ইশরাদুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার জমিতে বালু ভরাট করে ঈদগাহ তৈরির নাম দিয়ে এই কাজ চালানো হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী জানান, মাদ্রাসার প্রয়োজনে এবং একটি ঈদগাহ নির্মাণের লক্ষ্যে বালু ভরাট করা হচ্ছে। তবে খাল ভরাটের আইনি বৈধতা সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
অভিযোগের বিষয়ে মাদ্রাসা কমিটির সভাপতি শাহাদাৎ সরকারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, মাদ্রাসার শিক্ষক মহিবুল্লাহ জানান, প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় অর্ধশত ছাত্র রয়েছে। তবে মাদ্রাসায় কোনো প্রধান শিক্ষক বা হিসাবরক্ষক নেই, মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, "মাদ্রাসার উন্নয়নের দোহাই দিয়ে শাহাদাৎ ও সিদ্দিক সরকারি খাস জমি এবং খালের অংশ দখল করছেন। তারা এলাকাবাসীর কাছ থেকে অনুদান সংগ্রহ করলেও সেই টাকার সঠিক হিসাব নেই। মাদ্রাসার দোহাই দিয়ে তারা মূলত নিজেদের প্রভাব বিস্তার করছেন।"
পরিবেশ আইন অনুযায়ী, কোনো অবস্থাতেই প্রাকৃতিক জলাধার বা খাল ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসী দ্রুত এই অবৈধ ভরাট কাজ বন্ধ করতে এবং খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, "সরকারি খাল বা জলাধার ভরাট করা দণ্ডনীয় অপরাধ। উন্নয়নের নামে বা যেকোনো অজুহাতে খাস জমি দখলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ ভরাট কাজ বন্ধ করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।"

