অতীতের উন্নয়নের ঝুলি নিয়ে মাঠে রেজাউল করিম: মোগরাপাড়ায় নির্বাচনী আমেজ
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে অধ্যাপক রেজাউল করিম মোগরাপাড়া বাস স্টেশন ও স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, "সোনারগাঁয়ের মানুষ অতীতে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখেছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। এবারও আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।"
মোগরাপাড়া বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপকালে অধ্যাপক করিম এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "নির্বাচিত হলে মোগরাপাড়া চৌরাস্তার যানজট দূর করা এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান অগ্রাধিকার।"
সাবেক এই প্রতিমন্ত্রীর প্রচারণাকে কেন্দ্র করে মোগরাপাড়া এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 'ঘোড়া' প্রতীকের সমর্থনে সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে তিনি সাধারণ ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
ব্যক্তিগত জনপ্রিয়তা ও অভিজ্ঞতার শক্তিতে বলীয়ান হয়ে অধ্যাপক রেজাউল করিম এবার নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা, তা জানতে এখন অপেক্ষা নির্বাচনের দিন পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন