সোনারগাঁয়ে মুক্তিপণ আদায়কালে অপহৃত যুবক উদ্ধার: পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

মুক্ত বাংলাদেশ
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ৩১, ২০২৬ Last Updated 2026-01-31T13:29:13Z


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্ত্রের মুখে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও পুলিশ। এসময় অপহৃত যুবককে উদ্ধারসহ অপহরণকারীদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


শনিবার (৩১ জানুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এর আগেশনিবার (৩১ জানুয়ারি) গভির রাতে সোনারগাঁও থানার কোবাগা এলাকার একটি বালুর মাঠে র‍্যাব-১১ ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করে।


র‍্যাব জানায়, টাঙ্গাইলের গোপালপুর থানার মধুপুর ভট্ট গ্রামের সামিন ইসলাম (২৬) নামে এক যুবককে অপহরণ করে একদল দুষ্কৃতকারী। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, অপহৃত যুবককে কোবাগা সাইদুল মার্কেট সংলগ্ন বালুর মাঠে জিম্মি করে রাখা হয়েছে। সেখানে উপস্থিত হওয়া মাত্রই আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে দুই আসামিকে গ্রেফতার করা হয় এবং ভিকটিম সামিন ইসলামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলেন— সোনারগাঁয়ের কোবাগা এলাকার আজিজুল হকের ছেলে রোহান (২৫) এবং একই এলাকার মৃত জাফর মিয়ার ছেলে সবুজ (২৮)। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাহিন (২৪) নামে এক সহযোগীসহ আরও কয়েকজন পালিয়ে যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সামিনকে অপহরণ করে সেখানে নিয়ে আসে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার আত্মীয়-স্বজনের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছিল।


র‍্যাব-১১ জানিয়েছে, " সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের এই নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে মুক্তিপণ আদায়কালে অপহৃত যুবক উদ্ধার: পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

জনপ্রিয়