ছন্দপতন’ কাটিয়ে ভোটের মাঠে কোমর বেঁধে নামলেন ড. ইকবাল হোসেন ভূঁইয়া

মুক্ত বাংলাদেশ
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ০২, ২০২৬ Last Updated 2026-02-02T12:16:02Z


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী তালিকায় বড় পরিবর্তন এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হককে এই আসনটি ছেড়ে দেওয়া হলেও, মাঠ পর্যায়ের সমীকরণ বিবেচনায় পুনরায় জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেন ভূঁইয়াকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় পর্যায়ে আয়োজিত এক নির্বাচনী সভায় ড. ইকবাল হোসেন ভূঁইয়া নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বক্তব্যে ড. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, শুরুতে ১১ দলীয় জোটের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনটি ত্যাগ (স্যাক্রিফাইস) করেছিল। সেই সিদ্ধান্তে আসনটি জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হককে (রিকশা প্রতীক) ছেড়ে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি এবং জেলা-মহানগর নেতৃবৃন্দের বিশেষ অ্যাসেসমেন্টে দেখা যায়, আসনটি নিশ্চিত করতে প্রার্থী পরিবর্তন জরুরি।


প্রার্থী পরিবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে ড. ইকবাল বলেন, "আল্লামা মামুনুল হক অত্যন্ত বিনয়ী এবং উঁচু মাপের একজন আলেম। তিনি নিজেই মাঠের পরিস্থিতি বিবেচনা করে জামায়াতের কেন্দ্রীয় সংগঠনকে অনুরোধ করেছেন যেন এখানে প্রার্থী পরিবর্তন করা হয়। তাঁরই সদিচ্ছায় এবং জোটের সিদ্ধান্তে গত ২৯শে জানুয়ারি আমাকে পুনরায় জোটের প্রার্থী হিসেবে ‘ওভার কনফার্ম’ করা হয়েছে।"


মাঝপথে প্রার্থী বদলের কারণে ভোটারদের মধ্যে যে কিছুটা বিভ্রান্তি বা 'ছন্দপতন' তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন বদ্ধপরিকর স্থানীয় জোট নেতারা। 


ড. ইকবাল জানান, এনপিপির তুহিন মাহমুদ, দেয়াল ঘড়ি প্রতীকের মুফতি সিরাজুল ইসলাম এবং ঈগল প্রতীকের আরিফুল ইসলামসহ জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধভাবে এখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন।


নির্বাচনী ইশতেহারের মূল সুর তুলে ধরে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, "সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জবাসী দীর্ঘদিনের চাঁদাবাজ, দখলবাজ, মাদকবাজ ও টেন্ডারবাজদের হাত থেকে মুক্তি চায়। ১২ই ফেব্রুয়ারি সাধারণ মানুষ বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে জয়ী করে এই 'বাজাবাজি' সংস্কৃতির অবসান ঘটাবে।"


বর্তমানে এই আসনটিতে জোটের নেতা-কর্মীরা কোমর বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • ছন্দপতন’ কাটিয়ে ভোটের মাঠে কোমর বেঁধে নামলেন ড. ইকবাল হোসেন ভূঁইয়া

জনপ্রিয়