সোনারগাঁয়ে অবৈধ কারখানার ভাট্টি গুঁড়িয়ে দিল তিতাস: পালাতক মালিক, সরঞ্জাম জব্দ
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
বুধবার (৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে দুইটি স্পটে তিনটি চুন কারখানার ভাট্টি গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে, প্রতাবেরচরে প্রভাবশালী চক্রের মদদে মো. বাবুর চুন কারখানায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি ও রাজস্ব ফাঁকির এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কে থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। এ বিষয়ে বক্তব্যের জন্য মো. বাবুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সোনারগাঁ জোনের কর্তৃপক্ষ ও সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধ কারখানায় ব্যবহৃত ১.৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৬ ফুট এমএস পাইপ এবং ৬০০ ফুট পিভিসি পাইপ, ৮টি এয়ার মিক্স বার্নার, ২টি ফ্যান, ১টি পানির পাম্প এবং ৩টি বেলচা জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বাণিজ্যিক শ্রেণির এই অবৈধ কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় প্রায় ৬,০০০ ঘনফুট গ্যাস ব্যবহৃত হতো। এই উচ্ছেদ অভিযানের ফলে সরকারের দৈনিক প্রায় ৮৫,০০০ (পঁচাশী হাজার) টাকার সমপরিমাণ গ্যাস সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, "অভিযান চলাকালীন চুন কারখানার মালিকদের স্পটে পাওয়া যায়নি, ফলে কাউকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে কারখানার বেজগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ লাইনগুলো উৎস পয়েন্টে কিলিং ও ক্যাপিং করে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।"
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং অবৈধ সংযোগের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন