সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান, এতিমখানায় মাছ বিতরণ
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নুনেরটেক এলাকায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও নৌ পুলিশের সদস্যরা। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ নষ্ট না করে স্থানীয় একটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধে নদীতে নজরদারি জোরদার করা হয়েছে। ইলিশের বংশবিস্তার বাধাগ্রস্ত হয়,এমন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন মৌসুমে এ সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন