২৪ ঘণ্টায় সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ এমপি মান্নানের
পরিদর্শনকালে সংসদ সদস্য দেখতে পান, মোগরাপাড়া চৌরাস্তার সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বাস, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। এছাড়া রাস্তার ওপর কাঁচাবাজার ও বিভিন্ন অস্থায়ী অবৈধ স্থাপনার কারণে মহাসড়ক ও সংলগ্ন এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন,"বিগত সময়ে এখানে সরকারি জায়গা দখলমুক্ত করতে কে কী ভূমিকা পালন করেছেন তা আমার দেখার বিষয় নয়। আমি জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকিতে নেমেছি।"
তিনি আরও স্পষ্ট করে জানান যে, অবৈধ দখলদারদের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
উচ্ছেদ অভিযান সফল করতে সংসদ সদস্য ইতোমধ্যেই সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই উচ্ছেদ প্রক্রিয়া দৃশ্যমান করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন:সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আসিফ আল জিনাত।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মুহিবুল্লাহ। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত যানজটমুক্ত মোগরাপাড়া চৌরাস্তা দেখার আশা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন