নিজস্ব অর্থায়নে সরকারি হাসপাতালে ইসিজি মেশিন দিলেন এমপি মান্নান
এমপি মান্নানের পক্ষে তাঁর পুত্র এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের কাছে মেশিনটি তুলে দেন।
মেশিন হস্তান্তরের পর খাইরুল ইসলাম সজিব হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি হাসপাতালের পুরোনো ভবনের জীর্ণ দশা ও অবকাঠামোগত সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে সজিব হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান। রোগীরা সঠিক সময়ে মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়ে তিনি সরাসরি রোগীদের কাছে জানতে চান।
এ সময় খাইরুল ইসলাম সজিব বলেন,সোনারগাঁয়ের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এমপি মহোদয়ের অন্যতম লক্ষ্য। হৃদরোগের প্রাথমিক পরীক্ষার জন্য রোগীদের যেন বেসরকারি ক্লিনিকে গিয়ে বাড়তি অর্থ ব্যয় করতে না হয়, মূলত সেই উদ্দেশ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। হাসপাতালের উন্নয়নে আমাদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ডা. সুমাইয়া ইয়াকুব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক এই ইসিজি মেশিনটি সাধারণ ও দুস্থ মানুষের হার্টের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন