সোনারগাঁয়ে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত রহমত লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নের আদিপমারি এলাকার রমজান মিয়ার ছেলে। গতকাল ২ মার্চ (সোমবার) সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি জনসম্মুখে আসে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছাত্রী মদনপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আগে থেকেই রহমত অবস্থান করছিল। অভিযোগ রয়েছে, অটোরিকশা চালকের যোগসাজশে ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে কাঁচপুর কুতুবপুর এলাকার একটি নির্জন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে রহমত।
ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী তার এক বান্ধবীকে বিস্তারিত জানান। বিষয়টি জানার পর ওই বান্ধবী ও তার স্বামী ধর্ষককে ধরার পরিকল্পনা করেন। তারা কৌশলে রহমতকে মদনপুর এলাকার ‘ভোজন বিলাস’ নামক একটি রেস্তোরাঁয় ডেকে আনেন। সেখান থেকে তাকে মদনপুর প্রাইভেটকার স্ট্যান্ডে নিয়ে আসা হলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।
খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রহমতকে আটক করেন। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অটোরিকশা চালকসহ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন