শিরোনাম ::
শিরোনাম ::

মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জনপথ, রাজপথ ও সরকারি ভূমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো এবং ‘গণ উপদ্রব’ সৃষ্টির দায়ে এসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের নির্দেশ দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন উপজেলা রোড ও কলেজ রোডসহ মহাসড়কের সংশ্লিষ্ট অংশে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে মালামাল, পণ্যদ্রব্য, অবকাঠামো এবং গবাদিপশু রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৮ ধারা অনুযায়ী এটি একটি অপরাধ।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৩৩ ধারার ক্ষমতাবলে প্রশাসন এই উচ্ছেদ আদেশ প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে,আদেশ অমান্য করে কেউ দখল বজায় রাখলে বা গণ উপদ্রব চালিয়ে গেলে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী অপরাধীকে ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।

এই আদেশের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, র‍্যাব-১১-এর অধিনায়ক এবং সংশ্লিষ্ট থানা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত এই এলাকাকে দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন,"জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এবং মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা দূর করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি রাস্তা বা ফুটপাত দখল করে কোনো ধরণের পণ্যদ্রব্য রাখা, অবকাঠামো তৈরি বা গবাদিপশু পালন আইনত দণ্ডনীয় অপরাধ। যারা জনস্বার্থ বিঘ্নিত করে এসব 'গণ উপদ্রব' সৃষ্টি করছেন, তাদের অবিলম্বে এসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, আমরা নির্ধারিত আইন অনুযায়ী জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করব না। আমরা চাই একটি সুশৃঙ্খল সোনারগাঁ।"

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন