সোনারগাঁয়ে চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর
গতকাল শনিবার বিকেলে তালতলা পুলিশ ফাঁড়ির সামনে আয়োজিত এই মানববন্ধনে মহজমপুর, উত্তর কাজিপাড়া, তালতলা, ব্রাক্ষণবাওগা ও মালিপাড়া—এই ৫ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, উত্তর কাজিপাড়া গ্রামের মোতালেব হোসেন, তার বাবা আজগর আলী ওরফে বান্না ও মা সালেহা বেগমসহ পরিবারের ৫ সদস্য দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। সন্ধ্যা নামলেই এলাকায় বহিরাগত মোটরসাইকেল আরোহী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তাদের বক্তব্যে উঠে আসে মাদক কারবারিদের ভয়ংকর সব কর্মকাণ্ডের চিত্র, ভুক্তভোগী আয়নাল হোসেন অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোতালেব ও তার পরিবার তার শরীরে এসিড নিক্ষেপ করেছে।
মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম জানান, এলাকায় মাদকের বিস্তার এতটাই ভয়াবহ যে, উঠতি বয়সী সন্তানকে বাঁচাতে তিনি নিজের গ্রাম ছেড়ে কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন।
জামপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আমজাদ হোসেন লতিফ বলেন, "এই চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়।"
সম্প্রতি গত বৃহস্পতিবার এক অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি, পুলিশ এই পরিবারটিকে একাধিকবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে তারা পুনরায় একই কারবারে লিপ্ত হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারাই মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।"
বিক্ষোভ মিছিলটি তালতলা-বারদী সড়ক প্রদক্ষিণ করার সময় গ্রামবাসী ঘোষণা দেন, অবিলম্বে এই পরিবারটিকে আইনের আওতায় না আনা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

একটি মন্তব্য পোস্ট করুন