নিজের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জলিল
সংবাদ সম্মেলনে আব্দুর রউফ অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই আব্দুল জলিল এলাকায় যাবতীয় অপকর্ম করে অর্থ আত্মসাৎ করছে, অথচ বিভিন্ন গণমাধ্যমে সে আমার বিরুদ্ধে মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে।" তিনি জানান, সম্প্রতি একটি ঈদগাহে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর থেকেই জলিল তার ও তার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
বিএনপি নেতা আব্দুর রউফ দাবি করেন, জলিল স্থানীয় মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে কিশোর ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি জলিলের নিজস্ব দুই গাড়ি চালকের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হয় বলেও তিনি উল্লেখ করেন। রউফ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ডোপ টেস্ট করলেই বোঝা যাবে কে মাদকসেবী। পরীক্ষায় আমি দোষী সাব্যস্ত হলে রাজনীতি ছেড়ে দেব।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আষাঢ়ীয়ার চর এলাকায় জনৈক ব্যক্তির অবৈধ চুনা কারখানা থেকে জলিল প্রতি মাসে এক লাখ টাকা মাসোহারা নিতেন। বর্তমানে সেই মাসোহারা দুই লাখ টাকা দাবি করায় কারখানার মালিকের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই জলিল বড় ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করে রউফ বলেন, এসব স্থাপনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই নির্মিত হয়েছে।
আব্দুর রউফ অভিযোগ করেন, জলিল শুধু তাকেই নয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকেও জড়িয়ে কুরুচিপূর্ণ প্রচার চালাচ্ছে। বিষয়টি নিরসনে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া সমাধানও জলিল অমান্য করেছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে দ্রুত দলীয় শীর্ষ নেতাদের কাছে লিখিত অভিযোগ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বলেন, আমি তার বিরুদ্ধে যা বলেছি সবই সত্য। এখন নিজের দোষ ঢাকতে তিনি এসব পাল্টা অভিযোগ করছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন