জোড়াতালি নয়, সঠিক প্রত্নতাত্ত্বিক সংস্কার চায় প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
এর আগে, ঝুঁকিপূর্ণ এই ঐতিহাসিক সেতুটি সংস্কার ও সংরক্ষণের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক ও এই কমিটি দীর্ঘ দিন ধরে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে স্মারকলিপি পেশ করে আসছিল। আন্দোলনের প্রেক্ষিতে দেরিতে হলেও সরকার এই সংস্কার কাজ শুরু করে।
সংস্কার কাজ পরিদর্শনকালে কমিটির আহ্বায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নসম্পদগুলো আমাদের গৌরব। এগুলোকে শুধু জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখলে হবে না, বরং যথাযথ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সংরক্ষণ, সংস্কার এবং এগুলো নিয়ে গভীর গবেষণা প্রয়োজন। যারা দীর্ঘ দিন ধরে এই ঐতিহ্য রক্ষায় লড়াই করছেন, তাদের জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই সরকারকে, যারা দেরিতে হলেও এই ঐতিহাসিক সেতুটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
তবে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, চলমান সংস্কার কাজের মান ও প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে পরিদর্শকরা। মুঘল আমলের এই অনন্য স্থাপত্যকীর্তি সংস্কারে বেশ কিছু গুরুতর ত্রুটি তাদের চোখে পড়েছে সেতুর পিলারের নিচের অংশে (ফাউন্ডেশন) কোনো ধরনের সংস্কার বা মজবুতকরণের কাজ করা হচ্ছে না, যা পুরো সেতুর স্থায়িত্বকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।
একটি প্রাচীন প্রত্নসম্পদ যে বিশেষ বৈজ্ঞানিক ও ঐতিহ্যগত প্রক্রিয়া অনুসরণ করে সংস্কার করার কথা, এখানে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পরিদর্শকদের মতে, বর্তমান সাধারণ নির্মাণশৈলীর কারণে সেতুটির দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না।
এদিন পানাম সেতু পরিদর্শন দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব, লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক এবং সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুল রহমান।
এছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, 'সোনারগাঁও পরিক্রমা'র সম্পাদক আরিফুর রহমান, সংগঠক রোকেয়া আক্তার এবং সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ ও এরশাদ হুসাইন অন্যসহ স্থানীয় সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা এই প্রতিনিধি দলে শামিল ছিলেন।
ঐতিহাসিক এই মুঘল সেতুর চিরস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করতে অনতিবিলম্বে এসব কারিগরি ত্রুটি সংশোধন করে সঠিক প্রত্নতাত্ত্বিক উপায়ে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে কমিটি।

একটি মন্তব্য পোস্ট করুন