নিরাময়ের নামে মৃত্যুর ফাঁদ? সোনারগাঁয়ে ‘এভারগ্রিন’ কেন্দ্রে নির্মমতার অভিযোগ
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে’ এই ঘটনা ঘটে। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাদকাসক্তি থেকে সুস্থ করে তোলার উদ্দেশ্যে কয়েকদিন আগে ফয়জুল মিয়াকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। গত ঈদের পরদিনও তাঁর স্ত্রী মাসুদা বেগম সেখানে গিয়ে স্বামীর খোঁজখবর নেন এবং খাবার দিয়ে আসেন। তবে বুধবার রাতে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে কল করে ফয়জুল মিয়ার মৃত্যুর খবর দেওয়া হয়। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।
নিহতের স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, "আমার স্বামীকে সুস্থ করার জন্য ওখানে পাঠিয়েছিলাম, মারার জন্য নয়। কেন্দ্রের কর্মীদের নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা ফয়জুল মিয়ার মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। বর্তমানে কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, "নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নির্যাতনের কারণে ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা পলাতক। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন