সোনারগাঁয়ে ২০ হাজার মানুষের ঈদ পুনর্মিলনী
![]() |
| ছবি; মুক্ত বাংলাদেশ |
শুক্রবার (১২ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা হাজী মো. গোলজার হোসেন প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
আয়োজক সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে জামপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত ও সরকারের দায়িত্বে থাকা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলেম-ওলামারা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান ঈদুল আজহার শিক্ষা ও ত্যাগের আদর্শ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান। এছাড়াও জামপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী গোলজার হোসেন প্রধানের পাশে থেকে সকলকে তার পক্ষে কাজ করার আহবান জানান।
এদিকে আয়োজক হাজী মো. গোলজার হোসেন প্রধান বলেন, ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বরাবরের মতোই জামপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমি, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাবেক জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলে জুমার নামাজের পর আগত অতিথি ও মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিশাল এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন