সোনারগাঁয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, রাজমিস্ত্রি নিহত, আহত ৪
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া আলম ভোলা জেলার বাসিন্দা এবং মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
দুর্ঘটনায় আহতরা হলেন—আলিনুর (২৫), সুরুজ মিয়া (৩০), শহিদ (২৮) এবং টিকা খান (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সোনাখালী সংলগ্ন বারাকা হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন