ফেসবুকে অপপ্রচারের শিকার সোনারগাঁর যুবদল নেতারা,মামলা দায়েরের প্রস্তুতি
গত ১৪ মার্চ 'Nusrat Jahan' নামক একটি ফেসবুক আইডি থেকে রনি, আবু সাঈদ, লিয়াকত আলী, রুবেলসহ স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির ছবি ব্যবহার করে তাদের 'চাঁদাবাজ', 'নির্যাতনকারী' ও 'মাদক ব্যবসায়ী' হিসেবে আখ্যা দিয়ে একটি পোস্ট করা হয়।
ভুক্তভোগীরা এই ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করেন এবং মাদক ব্যবসার সাথে জড়িত। তবে স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক।
ভুক্তভোগীদের একজন জানান, আমরা এলাকায় সুনামের সাথে বসবাস করছি। রাজনৈতিকভাবে আমাদের কোণঠাসা করতে এবং সামাজিকভাবে সম্মানহানি করার জন্য একটি কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এই নোংরা খেলায় মেতেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছবিতে থাকা ব্যক্তিরা এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুরুতর অভিযোগ দেখে তারা বিস্মিত। স্থানীয়দের মতে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ডিজিটাল প্ল্যাটফর্মে এভাবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করেছেন। অপপ্রচার চালানো ওই ফেসবুক আইডির প্রকৃত মালিককে খুঁজে বের করতে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে (সাইবার নিরাপত্তা আইন) মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ফেসবুকের ওই পোস্টটি আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা পর্দার আড়ালে থেকে আমাদের সম্মানহানি করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন