সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষ - আহত ৭
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই বিরোধের জেরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় উত্তেজিত কর্মীরা বেশ কিছু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন ব্যক্তিদের নাম জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। তবে আহতদের সঠিক সংখ্যা এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন