সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা
রবিবার (৫ মার্চ) উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেল মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার নিয়মিত রাজস্ব হারাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র অভিযোগ করেছেন, জরিমানার পরও হোটেল কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে হোটেল মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলেও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন