সোনারগাঁয়ে গৃহকর্তাকে শ্বাসরোধে হত্যা, আটক ১
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ব্যক্তি বাড়ির সামনে এসে নজরুল ইসলামের নাম ধরে ডাকতে থাকে। পরিচিত কেউ ভেবে দরজা খুললে তারা জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে। এরপর নজরুল ও শাহানাজ বেগমকে হাত-পা ও গলা বেঁধে নির্যাতন চালায়।
শাহানাজ বেগমের অভিযোগ, হামলাকারীরা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। তিনি দাবি করেন, হামলাকারীদের চিনে ফেলায় তারা নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার ধরণ নিয়ে পুলিশের মাঝে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন