এমপি মান্নানের সুশৃঙ্খল আয়োজনে মুগ্ধ প্রধানমন্ত্রী, মেঘনা টোলপ্লাজায় হাত নেড়ে শুভেচ্ছা
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অববাহিকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর যাওয়ার পথে আজ (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে এক বিশাল ও অভূতপূর্ব গণসংবর্ধনার আয়োজন করা হয়। সকাল থেকেই কাঁচপুর ব্রিজ এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নেতৃত্বে আয়োজিত এই বিশাল পথসভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপস্থিত নেতাকর্মীদের হাতে এ সময় দলীয় ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পুরো মহাসড়কজুড়েই ছিল উৎসবের আমেজ।
সকাল ১০টা ২১ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর মেঘনা টোলপ্লাজা অতিক্রম করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় গাড়ি থেকে হাত উঁচিয়ে উপস্থিত নেতাকর্মী ও জনতার শুভেচ্ছার জবাব দেন। সংবর্ধনার চমৎকার আয়োজনের জন্য তিনি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-কে ধন্যবাদ জানান বলেও দলীয় সূত্রে জানা গেছে।
পথসভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর এই চাঁদপুর সফর ও জনকল্যাণমুখী পদক্ষেপ দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সফরটি সফল করতে তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সফর ও যাতায়াতকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে এই কঠোর নিরাপত্তার মধ্যেও পুরো এলাকা জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন