সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ মতিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোমেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম মিয়া, বিদ্যালয় উন্নয়ন কমিটির আহ্বায়ক আপেল হক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আঃ মজিদ খাঁন ও নুরুল হক, উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম এবং ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উন্নয়ন কমিটির সদস্য রুবেল হুসাইন বলেন, এসএসসি পরীক্ষার সাফল্য ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। আগামী দিনে দেশ ও সমাজের হাল ধরতে হলে ভালো ফলাফলের পাশাপাশি সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন