শিরোনাম ::
শিরোনাম ::

বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতি তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশ:
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ি। স্থাপনাটির সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কার্যক্রম তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

সোনারগাঁয়ে ঐতিহাসিক স্থাপনা বড় সরদার বাড়ির সংরক্ষণ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের স্বাক্ষরিত স্মারকলিপিতে ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা যাচাইয়ের জন্য ১২ দফা দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বড় সরদার বাড়িতে কয়েক দিন ধরে বাণিজ্যিক শুটিং অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ে জেনারেটর, ক্রেন, ট্রলি, ভারী ক্যামেরা ও আলোকসজ্জার বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের বিষয়টি উল্লেখ করে স্থাপনাটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

কমিটির পক্ষ থেকে বড় সরদার বাড়ির গাঁথুনি, চুনসুরকি, কাঠের অংশ, প্লাস্টার ও মেঝের বর্তমান অবস্থা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানানো হয়েছে। এ জন্য প্রত্নতত্ত্ববিদ, সংরক্ষণ স্থপতি ও কাঠামো প্রকৌশলীদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডেরও স্বাধীন নিরীক্ষা চেয়েছে সংগঠনটি। দোকান বরাদ্দ, নির্মাণ ও সংস্কারকাজ, শ্রমিকদের বিল, স্মারকগ্রন্থ প্রকাশ, কাঁচামাল ক্রয়, বিভিন্ন অনুষ্ঠান এবং সরকারি অর্থ বেসরকারি ব্যাংকে রাখার মতো বিষয়গুলো তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট টেন্ডার, কার্যাদেশ, বিল-ভাউচার, ব্যাংক হিসাব, দোকান বরাদ্দের নথি এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করা প্রয়োজন।

কমিটির অভিযোগ, কারুশিল্পীদের পরিবর্তে অকারুশিল্পীদের সুবিধাজনক স্থানে দোকান বরাদ্দ এবং আর্থিক লেনদেনের বিষয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে সংগঠনটি বলছে, তারা কোনো অভিযোগকে পূর্বেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায় না; বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে আনার দাবি জানাচ্ছে।

এ দাবিতে এর আগে ২৯ আগস্ট নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং ৩১ আগস্ট সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে কমিটি।

শাহেদ কায়েস বলেন, অভিযোগের বিষয়ে আগে থেকেই কোনো সিদ্ধান্তে না গিয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মাধ্যমে ঐতিহাসিক স্থাপনার অবস্থা যাচাই এবং সংশ্লিষ্ট আর্থিক ও প্রশাসনিক নথি পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন