সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দৈনিক সাশ্রয় হবে ২ লাখ টাকা

মুক্ত বাংলাদেশ
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ফেব্রুয়ারি ২৩, ২০২৬ Last Updated 2026-02-23T05:08:27Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও ঝাউচর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০টি অবৈধ চুন ও ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই অভিযানের ফলে সরকারের দৈনিক ২ লাখ ১৩ হাজার ৬০৬ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।


অভিযানটি সোনারগাঁ ইকোনমিক জোনের গেট সংলগ্ন এলাকা এবং ঝাউচর এলাকায় পরিচালিত হয়। মোট ৫টি স্পটে চালানো এই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী স্থাপনাগুলো এক্সকেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।


ইকোনমিক জোনের পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত দুটি অবৈধ চুন কারখানার ৬টি ভাট্টি উচ্ছেদ করা হয়। এর মধ্যে একটি চালু অবস্থায় পাওয়া যায় এবং বাকিগুলোর বেজ ধ্বংস করে দেওয়া হয়।


বসুন্ধরা বালুর মাঠ ও তানভীর পেপার মিলের বিপরীতে অভিযান চালিয়ে আরও ১টি চুন কারখানা এবং ২টি ঢালাই কারখানার ভাট্টি উচ্ছেদ করা হয়।


তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, এই অভিযানের ফলে বাণিজ্যিক শ্রেণির মোট ১৭,০০০ ঘনফুট/ঘণ্টা অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে সরকারের দৈনিক প্রায় ২,১৩,৬০৬ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। অভিযান চলাকালে বিভিন্ন ব্যাসের প্রায় ৩০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়।


অভিযান চলাকালে ঝাউচরের বসুন্ধরা বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি অবৈধ আবাসিক বিতরণ লাইন বিচ্ছিন্ন করতে গেলে বাধার সম্মুখীন হয় কর্তৃপক্ষ। শত শত এলাকাবাসী জড়ো হয়ে অভিযানে বাধা সৃষ্টি করলে নিরাপত্তার স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উক্ত সংযোগটি বিচ্ছিন্ন না করেই টিম স্পট ত্যাগ করতে বাধ্য হয়।


কারখানার মালিকদের কাউকে উপস্থিত না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানার আগুন নিয়ন্ত্রণ করে স্থাপনাগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এ ধরণের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: দৈনিক সাশ্রয় হবে ২ লাখ টাকা

জনপ্রিয়