নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোনারগাঁ প্রেস ক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একুশে ফেব্রুয়ারি সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবউল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি এম.এম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক খায়রুল খোকনের সঞ্চালনায় সভায় বক্তারা ভাষা আন্দোলনে সোনারগাঁয়ের কৃতি সন্তান, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক ড. নূরুল হক ভূইঁয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভায় বক্তারা ড. নূরুল হক ভূইঁয়াকে স্মরণীয় করে রাখার জন্য স্থানীয় প্রশাসনের নিকট প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জোরালো দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:ফজলে রাব্বী সোহেল, সহ-সভাপতি, সোনারগাঁ প্রেস ক্লাব।আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, সোনারগাঁ প্রেস ক্লাব।
রবিউল হুসাইন, যুগ্ম সম্পাদক। মাসুদ শায়ান, সদস্য। শাহাদাত হোসেন রতন, সদস্য। শংকর প্রকাশ, সভাপতি, উদীচী শিল্পী গোষ্ঠী (সোনারগাঁ শাখা)। মোহাম্মদ মহসীন, প্রকৃতি বিষয়ক লেখক।
এছাড়াও আনিছুর রহমান, নাসিরউদ্দিন, আনিসুর রহমান সজিব, সুমন আল হাসান, কাজী সেলিম রেজা এবং মোহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

