সোনারগাঁওয়ে প্রকৌশলীকে কুপিয়ে ছিনতাই
![]() |
| প্রতিক ছবি |
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপগঞ্জের ‘ফকির ফ্যাশন’-এ কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইলিয়াস খান গত শনিবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-২৯-৭০৭৫) নারায়ণগঞ্জের বাসায় ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে গাড়িটি মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন ওভারব্রিজের নিচে যানজটে আটকা পড়ে।
এ সময় হঠাৎ ৬-৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির ওপর চড়াও হয়। তারা মুহূর্তের মধ্যে গাড়ির বাম পাশের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে থাকা আরোহীদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা চাপাতি ও দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আমাকে ও আমার চালককে রক্তাক্ত করে। তারা নগদ ১০ হাজার টাকা ও দামী দুটি আইফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হামলায় আহত ইঞ্জিনিয়ার ইলিয়াস ও চালক হৃদয়কে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এই ঘটনায় গতকাল রোববার সকালে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের সময় এমন তান্ডবে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাতের বেলা মোগরাপাড়া এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন