সোনারগাঁয়ে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৮ কিলোমিটার যানজট
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
মঙ্গলবার দুপুরে উপজেলার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়কে নেমে এলে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের পর চৈতী গার্মেন্টসের শত শত নারী-পুরুষ শ্রমিক একযোগে মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে আটকে থাকে দূরপাল্লার বাস, ব্যক্তিগত যানবাহন ও রোগীবাহী অ্যাম্বুলেন্স। তীব্র গরমে ভোগান্তিতে পড়তে দেখা যায় শিশু ও বৃদ্ধ যাত্রীদের।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে শ্রমিকদের চলতি মাসের ২০ দিনের বেতন ও ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা অমান্য করেছে। শ্রমিকদের দাবি, গড়ে প্রায় ২৫ হাজার টাকা পাওনার বিপরীতে তাদের মাত্র ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং বাকি টাকা ঈদের পর পরিশোধের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনরত এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের আর মাত্র একদিন বাকি। এই সামান্য টাকা দিয়ে আমরা কীভাবে পরিবারের জন্য বাজার করব, বাচ্চাদের নতুন কাপড় কিনে দেব? বাধ্য হয়েই আমাদের ঈদের আগের দিন রাস্তায় নামতে হয়েছে।
তবে শ্রমিকদের এই অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। চৈতী গার্মেন্টসের ম্যানেজার মিজানুর রহমান জানান,
শ্রমিকদের ঈদ বোনাস ও নিয়মিত বেতন ইতিমধ্যেই পুরোপুরি পরিশোধ করা হয়েছে। মূলত তাদের অর্জিত (Earned Leave) ছুটির যে টাকা পাওনা রয়েছে, সেটি কর্তৃপক্ষ ঈদের পর পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেই অর্জিত ছুটির টাকার দাবিতেই আজ রাস্তায় নেমে আন্দোলন করছে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, বকেয়া টাকা পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। মালিকপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত একটি সমাধান বের করে যান চলাচল স্বাভাবিক করা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মহাসড়ক অবরোধের কারণে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন