২৮ বছরের বন্দি জীবনের অবসান, এক ঘণ্টার ব্যবধানে রাজুর নতুন পৃথিবী
![]() |
| ছবি, মুক্ত বাংলাদেশ |
দীর্ঘ ২৮ বছর বিছানায় শুয়ে আকাশ দেখা রাজুর জীবনে ৬ মে, বুধবার দিনটি এল এক পশলা বৃষ্টির মতো যা নিমিষেই তার জীবনের ধূসরতা মুছে দিল।
ঘটনাটি রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। বুধবার সকালে স্থানীয় এক কর্মীর মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে একটি হুইলচেয়ারের জন্য আবেদন জানায় রাজুর পরিবার। সাধারণত সরকারি দপ্তরের লাল ফিতার দৌরাত্ম্যে যেখানে দিনের পর দিন অপেক্ষা করতে হয়, সেখানে ঘটল এক নজিরবিহীন ঘটনা।
আবেদনের ঠিক এক ঘণ্টার মাথায় রাজুর বাড়ির উঠোনে এসে থামে উপজেলা প্রশাসনের গাড়ি। স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত হুইলচেয়ার নিয়ে হাজির হন রাজুর দুয়ারে।
ছেলের জন্য এত দ্রুত হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা জাকির হোসেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সকালে আবেদন জানালাম, আর এক ঘণ্টার মধ্যে ইউএনও স্যার নিজে এসে হুইলচেয়ার দিয়ে গেলেন—এটা আমাদের কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। এখন আমার ছেলে অন্তত চলাফেরা করতে পারবে, বাইরের পৃথিবীটা দেখতে পারবে।
এই মানবিক উদ্যোগের কারিগর ইউএনও আসিফ আল জিনাত জানান, রাজুর দীর্ঘদিনের কষ্টের কথা শুনে তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠুক। কোনো সহায়তার আবেদন এলে আমরা যেন তা দ্রুততম সময়ের মধ্যে মানুষের হাতে পৌঁছে দিতে পারি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে যখন রাজুকে হুইলচেয়ারে বসানো হয়, তখন তার চোখে ছিল এক অন্যরকম দ্যুতি। ২৮ বছরের স্থবিরতা কাটিয়ে রাজু এখন ডানা মেলবে নতুন এক জীবনে। প্রশাসনের এমন ক্ষিপ্র গতি আর মানবিকতা সমাজ বদলের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন