পাঁচ মাসে অকটেনের দাম বাড়ল ৪৫ টাকা
![]() |
| জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। |
রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত জুনে জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত থাকলেও কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ওই দামই বহাল ছিল।
তারও আগে ১৯ এপ্রিল ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে কেরোসিনে ১৮ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।
সর্বশেষ এই দফার মূল্যবৃদ্ধির ফলে বর্তমান সরকারের মেয়াদের গত পাঁচ মাসে অকটেনের দাম মোট ৪৫ টাকা এবং পেট্রোলের দাম ৪৪ টাকা বেড়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাশাপাশি পরিবহন ব্যয় বা ফ্রেইট চার্জও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও দেশের মানুষের স্বার্থ বিবেচনায় পুরোপুরি সেই প্রভাব সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে সরকার।
সরকারের হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে।
প্রজ্ঞাপনে দেওয়া হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বর্তমান দরের ভিত্তিতে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এর ফলে প্রতিদিন প্রায় ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে। একই হারে লোকসান অব্যাহত থাকলে শুধু ডিজেল বিক্রিতেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এবার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।
নতুন মূল্য কাঠামোতে কর-পরবর্তী এক্স-রিফাইনারি মূল্য, ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ব্যয় এবং ডিলার বা এজেন্টদের কমিশনসহ বিভিন্ন খরচ বিবেচনায় নিয়ে ভোক্তা পর্যায়ের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ডিপো থেকে প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত পরিবহন ভাড়া কার্যকর থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন