এসিল্যান্ড ফাইরুজের মোবাইল কোর্ট, ২০ মামলায় জরিমানা ১২ লাখ ৮০০ টাকা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আইন অমান্য ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে আগস্ট মাসজুড়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের আদেশে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
কাঁচপুর রাজস্ব সার্কেল সূত্রে জানা যায়, আগস্ট মাসের বিভিন্ন সময়ে কাঁচপুর এলাকায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আইন ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্টের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, আগস্টে মোট ২০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ১৬ জন আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের কাছ থেকে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া একটি ঘটনায় তিন দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে এক দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে আইন ও বিধিবিধান বাস্তবায়ন, অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অভিযানের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থে আইন ও বিধিবিধান বাস্তবায়ন এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন