অপরাধীদের সঙ্গে কোনো আপস নেই, ওসি গোলাম সারোয়ার
মঙ্গলবার (১৩ মে) বিকেলে সোনারগাঁ থানার নবনির্মিত ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ওসি গোলাম সারোয়ার বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ডাকাতদের জন্য আমার বার্তা পরিষ্কার তাদের সাথে পুলিশের কোনো আপস হবে না। সাধারণ ও ভালো মানুষের জন্য পুলিশের দরজা সবসময় খোলা। জনগণের সঙ্গে আমাদের আচরণ হবে অত্যন্ত মার্জিত ও বন্ধুসুলভ। কিন্তু অপরাধীদের দমনে আমি ঠিক ততটাই কঠোর অবস্থান গ্রহণ করব।
সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ওসি। তিনি বলেন, সোনারগাঁকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে সংবাদকর্মীদের তথ্যগত সহযোগিতা ও নিষ্ঠা একান্ত প্রয়োজন।
সভায় ওসি আরও জানান, আগামী বুধবার (১৪ মে) থেকে পর্যায়ক্রমে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় এবং বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতে সোনারগাঁ থানা পুলিশের পাশাপাশি তালতলা তদন্ত কেন্দ্র এবং কাঁচপুর হাইওয়ে ক্যাম্পের সদস্যরা ২৪ ঘণ্টা মাঠে নিয়োজিত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নেওয়া এই কঠোর অবস্থানকে স্বাগত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন