সোনারগাঁয়ে রূপচাঁদা বলে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ পিরানহ, ব্যবসায়ীকে জরিমানা
![]() |
| ছবি: মুক্ত বাংলাদেশ |
গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাজারে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযানকালে বাজারের একটি দোকান থেকে ৮ কেজি ৮০০ গ্রাম নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, নিষিদ্ধ মাছ মজুদ ও বিক্রির দায়ে সোহেল নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঁচপুর বাজারে দীর্ঘ দিন ধরে রুপচাঁদা মাছের আড়ালে ক্ষতিকর পিরানহা বিক্রি হচ্ছে—এমন অভিযোগ ছিল। পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এই মাছটি দেখতে অনেকটা রুপচাঁদা মাছের মতো হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের ধোঁকা দিয়ে এটি বিক্রি করে আসছিল।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, জব্দকৃত মাছগুলো বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন